জুলিয়ান অ্যাসাঞ্জের জন্ম ১৯৭১ সালের ৩ জুলাই অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের টাউনসভিলে। শৈশব থেকেই কোথাও থিতু হতে পারতেন না। ডজনখানেক স্কুল বদল করে পড়াশোনা করেন। গণিত ও পদার্থবিজ্ঞানে ডিগ্রি নিয়েছেন। রাতের পর রাত জেগে, দুদিনে একবেলা খেয়ে অঙ্ক কষতেন অ্যাসাঞ্জ। অঙ্ক কষে কষে ঘরের দেয়াল এমনকি দরজা ভরে ফেলতেন। তরুণ বয়সে এমন খেপাটে স্বভাবের ছিলেন।
তেরো বছর বয়সে মা ক্রিস্টিন তাঁকে একটি কম্পিউটার কিনে দেন। মাত্র তিন বছরের মাথায় হ্যাকারদের খাতায় নাম লেখান।